প্রিন্ট এর তারিখঃ ৩ নভেম্বর, ২০২৬, ১০:১২ AM ||
প্রকাশের তারিখঃ ২৬ মার্চ, ২০২৬, ৭:৪৬ PM
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস প্যারেড ২০২৬ মুক্তিযোদ্ধা কন্টিনজেন্টের অধিনায়ক বীর মুক্তিযোদ্ধা ছানা উল্লাহ
গোলাম রব্বানী, স্টাফ রিপোর্টার
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস প্যারেড ২০২৬ উপলক্ষে মুক্তিযোদ্ধা কন্টিনজেন্টের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন বীর মুক্তিযোদ্ধা সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব.) মোঃ ছানা উল্লাহ। তিনি টাঙ্গাইল সদর উপজেলার মাহমুদ নগর ইউনিয়নের কুকুরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মোঃ ইমান আলী ও মাতা মোমেলা বেগম। চার ভাই ও দুই বোনের মধ্যে তিনি দ্বিতীয় সন্তান। বর্তমানে তাঁর বয়স ৭৩ বছর এবং তিনি টাঙ্গাইল সদরের কচুয়াডাঙ্গা (স্বদেশ রোড) এলাকায় বসবাস করছেন।
মোঃ ছানা উল্লাহ ১৯ সেপ্টেম্বর ১৯৬৯ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন। প্রশিক্ষণ শেষে যশোর ক্যান্টনমেন্টে ২৫ বেলুচ রেজিমেন্টে কর্মজীবন শুরু করেন। মহান মুক্তিযুদ্ধের সময় ১৯৭১ সালের ২৬ এপ্রিল তিনি ৪র্থ ইস্ট বেঙ্গল রেজিমেন্টে যোগ দিয়ে ভারতের মতিনগর ক্যাম্পে ইন্টেলিজেন্স গ্রুপে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মেজর খালেদ মোশাররফের নেতৃত্বে তিনি দীর্ঘ ৯ মাস ২নং সেক্টরের অধীনে কুমিল্লা, মতিনগর, মেলাঘর, সালদা নদী, আখাউড়া, কসবা ও ব্রাহ্মণবাড়িয়াসহ বিভিন্ন রণাঙ্গনে বীরত্বের সঙ্গে যুদ্ধ করেন।
চাকরি জীবনে তিনি দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সেনানিবাসে দায়িত্ব পালন করেন। ১৯৯০ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর)-এ কর্মরত ছিলেন। পরবর্তীতে ১৯৯৩-৯৪ সালে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের অংশ হিসেবে দক্ষিণ আফ্রিকার মোজাম্বিকে দায়িত্ব পালন করেন। দীর্ঘ ২৯ বছরের গৌরবময় চাকরি শেষে তিনি ১৮ জানুয়ারি ১৯৯৯ সালে সিলেটের জালালাবাদ সেনানিবাস থেকে সিনিয়র ওয়ারেন্ট অফিসার পদে অবসর গ্রহণ করেন।
এর আগে তিনি ২০১৯ সালের জাতীয় প্যারেডে মুক্তিযোদ্ধা কন্টিনজেন্টের জাতীয় পতাকা বহন করেন। ২০২১ সালে সহ-অধিনায়ক এবং ২০২২ সালে অধিনায়ক হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন।
ব্যক্তিগত জীবনে তিনি দুই ছেলে ও এক কন্যা সন্তানের জনক। তাঁর বড় ছেলে ড. হাফেজ মাওলানা রকিব উদ্দিন আহাম্মেদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের খতিব, দ্বিতীয় ছেলে মোঃ আহসান উল্লাহ ঢাকা সিআইডি হেডকোয়ার্টারে সাব-ইন্সপেক্টর হিসেবে কর্মরত এবং কন্যা সোনিয়া বেগম টাঙ্গাইলের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তাঁর ছোট ভাই মোঃ সাইফুল ইসলাম বাংলাদেশ সেনাবাহিনীর কর্পোরাল (অব.)।
বীর মুক্তিযোদ্ধা ছানা উল্লাহর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় পরিবারের পক্ষ থেকে দেশবাসীর নিকট দোয়া কামনা করা হয়েছে। একই সঙ্গে মহান আল্লাহর নিকট প্রার্থনা করা হয়েছে, তিনি যেন তাঁকে হায়াতে তয়্যিবা ও ঈমানের সাথে জীবনযাপনের তৌফিক দান করেন। আমিন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ খবীরুদ্দীন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ রাজু আহমেদ খান শহীদ ।
আইন-বিষক সম্পাদকঃ এডঃ সুদীপন মোহাম্মাদ।
সম্পাদকীয় কার্যালয়ঃ নৈহাটী, রূপসা, খুলনা। মোবাইলঃ ০১৭৩২৫৯২৪৭১